কুমিরায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেল নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে

নিজস্ব প্রতিবেদক
 
 অবশেষে অজ্ঞান অবস্থায় খোঁজ মিললো চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের। নিখোঁজ হওয়ার চার দিন পর সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রোববার(১নভেম্বর) রাত ৮টায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও পুলিশ সুপার এস এম রশিদুল হক  বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুজনেই জানিয়েছেন, সাংবাদিক সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরায় অজ্ঞান অবস্থায় পাওয়া যাওয়ার সংবাদে জেলা পুলিশ ও সিএমপি’র দুটি টিম কুমিরার হাজী পাড়া ব্রিজ ঘাটায় রওনা দিয়েছে। তাকে চট্টগ্রামে আনার পর বিস্তারিত বলা যাবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক সরোয়ারকে কুমিরার হাজী পাড়া ব্রিজঘাটা এলাকায় অজ্ঞান অবস্থায় দেখতে  পান তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়েও যান তারা। 

উল্লেখ্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী। 
গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন। 

আপনার ভালো লাগতে পারে এমন আরো কিছু খবর