করোনায় চট্টগ্রামে একদিনেই ৪ জনের মৃত্যু: শনাক্ত ২৩২
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।
রোববার (৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে মোট ৪১ হাজার ৫০০ জন এবং মৃত্যুবরণ করে ৩৯৩ জন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের পাঁচটি ল্যাবে গতকাল শনিবার (৩ এপ্রিল) ১ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ দশমিক ২৭ শতাংশ হারে ২৩২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে ২১৯ জন নগরে এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ জন। এ সময় মৃত্যু হয়েছে চারজনের, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৪ আগস্ট করোনায় চারজনের মৃত্যু হয়েছিল।
