নোয়াখালীর ১৩শ বস্তা চাল পাহাড়তলীর গোডাউন থেকে জব্দ: গ্রেফতার ১
বশির আলমামুন
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে ১৩শত বস্তা সরকারী চাল জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় বাহার মিয়া (৪৪) নামে জড়িত এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২০ এপ্রিল (মঙ্গলবার) মধ্যরাতে পাহাড়তলী বাজারের মাহী ট্রেডিংয়ের গোডাউনে এই অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)।
নগর গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) মোহাম্মদ আরাফাত বলেন,গোপন সংবাদ পেয়ে মাহী ট্রেডিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে ১৩শ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এতে ৭০ হাজার কেজি চাল রয়েছে। চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে। তিনি বলেন চালের বস্তাগুলি চট্টগ্রাম বন্দর খাদ্য অফিস থেকে চালান নিয়ে নোয়াখালীতে সরকারী খাদ্য গুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু নোয়াখালীতে না গিয়ে অবৈধ পন্থায় পাহাড়তলী বাজারের মাহী ট্রেডিংয়ের গোডাউনে মওজুদ করা হয়। এসি (বন্দর) মো: আরাফাত বলেন সরকারী চাল পাচারের অভিযোগে বাহার মিয়াকে আসামী করে নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে মামলার তদন্ত সাপেক্ষে মুল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
